আগামী অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ১ হাজার ১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে ৬৪৩ কোটি ৫৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৫২২ কোটি ৭ লাখ টাকা।
আগামী অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ মিশনসমূহে আরো দুটি নতুন প্রেস উইং খোলার কার্যক্রম এগিয়ে নেয়াসহ মোট ১৩ টি উল্লেখযোগ্য কার্যাবলি/প্রকল্প/কর্মমূচি বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে তথ্যভবন নির্মাণ, সাংবাদিক সহায়তা ‘ভাতা/অনুদান নীতিমালা – ২০১২’অনুসরণে সাংবাদিকদের সহায়তা প্রদান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়টি রয়েছে।
এর আগে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, বিশ্বব্যাপি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্বাচিত ১০টি বিশেষ উদ্যোগের বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহে ৯টি নতুন প্রেস উইং খোলার উদ্যোগ গ্রহণের কথাও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। বাসস
ইত্তেফাক/ইউবি