এবারের বাজেটে সব শ্রেণির মানুষ উপকৃত হবে : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের জনবান্ধব বাজেট দ্বারা সব শ্রেণির মানুষ উপকৃত হবে। যেভাবে আমরা করের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এটা যুগান্তকারী। বাজেটের মাধ্যমে সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করা হবে। 
 
শনিবার সকালে ভোলা সদর উপজেলার চরসামইয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেটের মাধ্যমে আমাদের বিনিয়োগ ও রফতানি বৃদ্ধি পাবে। দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। স্বাস্থ্যখাত, বিদ্যুৎ খাত ও পল্লী এলাকার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটের মাধ্যমে গ্রামগুলো শহরে রুপান্তর হবে। 
 
মন্ত্রী আরো বলেন, বিএনপির সময় দেশে দরিদ্রের সংখ্যা ছিল ৪৬ ভাগ। বর্তমান সরকারের সময়ে সেটা কমে ২২ শতাংশে নেমে এসেছে। সামাজিক সুরক্ষার জন্য অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
 
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, শহর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতাব্বরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি