এক অরেঞ্জ জুসেই মিললো ২ হাজার ১২৭ কোটি টাকা

ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার কথা অনেকের মুখে শোনা যায়! অনেকে চান তার ভাগ্যের চাকা ঘুরুক। খুলে যাক তার ভাগ্য। কিন্তু খোলে কজনের! যাদের খোলে তারা সত্যিই ভাগ্যবান। এমন এক ভাগ্যবান নিউ জার্সির বাসিন্দা তায়েব সুয়ামির। তার ভাগ্যের চাকা ঘুরে গেছে। খুলে গেছে কপাল! এক অরেঞ্জ জুস ফেরৎ দিতে গিয়ে তার ভাগ্যে জুটেছে ২ হাজার ১শ ২৭ কোটি টাকা।
 
সুয়ামি নিউ জার্সির এক দোকান থেকে বাংলাদেশি ৪২১ টাকায় কিনেছিলেন অরেঞ্জ জুস। তবে বাড়ি ফিরে জানতে পারেন অন্য দোকানে আরো কম দামে বিক্রি হচ্ছে ওই জুস। পরের দিন তাই দোকানে যান জুস ফিরিয়ে দিতে।
 
ফেরৎ দেন জুস। টাকা হাতে নিয়ে বের হওয়ার সময় আচমকা তার নজরে পড়ে কাউন্টারের পাশে একটি বোর্ড। তাতে লেখা 'পাওয়ার বল জ্যাকপট। পছন্দের নম্বর বেছে নিজের ভাগ্য বদলে ফেলুন।'
 
মধ্যবিত্ত সুয়ামির কি মনে হল।  দেরি করলেন না। নিজের পছন্দের নম্বর বেছে দুটো লটারির টিকিট কিনে বাড়ি ফিরলেন। 
 
পরদিন কৌতুহলবশতঃ দোকানে গেলেন টিকিট নম্বর মেলাতে। প্রথম টিকিটে কিছু জোটেনি। কিন্তু দ্বিতীয় টিকিট চেক করতে গিয়ে আনন্দে আত্মহারা হয়েন তিনি। দ্বিতীয় টিকিটটি তার মিলে গেছে। তিনি পেয়ে গেছেন ২ হাজার ১২৭ কোটি টাকা।
 
ইত্তেফাক/এস.আর/নূহু