দালাই লামা ক্যানসারে ভুগছেন

প্রস্টেটের ক্যানসারে ভুগছেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। গত দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে এই ধর্মগুরুর। দুই বছর আগেই যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে দলাই লামাকে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে ক্যানসার ছড়িয়েছে দলাই লামার শরীরের অন্যান্য অংশেও। 
 
তার অবস্থা অত্যন্ত সংকটজনক, এমনটাই জানা গেছে। ক্যানসারের কারণেই রীতিমতো দুর্বল হয়ে পড়েছেন ১৪তম দলাই লামা। রোগপ্রতিরোধের ক্ষমতাও একেবারেই নেই। তার সাম্প্রতিক যে ভিডিওগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলিতে দেখা গিয়েছে, তিনি টলমল পায়ে হাঁটছেন। নিচ্ছেন সহচরদের সাহায্যও।
 
যদিও তিব্বতের প্রশাসনের (সিইটি) তরফে দলাই লামার অসুস্থতার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা সাফ জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন দালাই লামা। তার অসুস্থতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রসঙ্গে তিব্বতি প্রশাসনের দাবি, দেশের বাইরেই পা রাখেননি দালাই।
 
বর্তমানে দলাই লামার বয়স ৮২। তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে অনুরাগীদের মধ্যে। কিন্তু তিব্বতের তরফে বারবার বলা হচ্ছে, ‘হিজ হাইনেস ইজ হেলদি।’ অথচ গত মার্চেই দলাই লামার সফর বাতিল করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেই দলাই লামার স্বাস্থ্য নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন ভারতীয় গোয়েন্দারাও। দ্য হেরাল্ড।
 
ইত্তেফাক/সেতু