এবার ধর্মগুরু দাতি মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এবার শনিধাম আশ্রমের প্রতিষ্ঠাতা ধর্মগুরু দাতি মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন দিল্লির এক তরুণী। তার অভিযোগ, ওই ধর্মগুরু ও তার দুই শিষ্য তাকে ধর্ষণ করেন।
 
অভিযোগপত্রে ওই তরুণী জানিয়েছেন, দাতি মহারাজের শিষ্যা ছিলেন তিনি। ধর্মগুরু ও তার শিষ্য দ্বারা ধর্ষিত হওয়ার পরে তিনি আশ্রম ছেড়ে পালাতে বাধ্য হন। কিন্তু দাতি মহারাজের বিপুল জনপ্রিয়তা এবং অসংখ্য ভক্তমণ্ডলীর উপর তার প্রভাবের কথা ভেবে এর পর দুই বছর তিনি মুখ খোলেননি।
 
তিনি আরো অভিযোগ করেন, আশ্রমের এক সাধ্বীর নির্দেশেই ধর্মগুরুর ঘরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। সেই সময় সাধ্বী তাকে বলেন, 'তোমার মতো বহু নারী ভক্তই দাতি মহারাজের সঙ্গে যৌন মিলনে যোগ দিয়েছে। এতে অন্যায় কিছু নেই।'
 
অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ওই তরুণীকে এফআইআর ও মেডিক্যাল রিপোর্টের নকল দেয়নি পুলিশ। তার দাবি, অভিযোগের পরে তরুণী ও তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দেয়া হচ্ছে। তা সত্ত্বেও তাকে নিরাপত্তা দেয়নি পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি