মেয়াদ উত্তীর্ণ পাট বীজ বপন করে বিপাকে পরেছেন বরিশালের গৌরনদী উপজেলার পাট চাষী। পাটের চারা না বাড়ার কারণে হতাশ কৃষক। তারা এলাকার বিভিন্ন বীজভান্ডার থেকে পাট বীজ কিনে বপন করেছিলেন। ক্ষতিপূরণের দাবিতে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ডে অর্ধশত পাট চাষী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বিক্ষুব্ধ পাট চাষীরা অভিযোগ করেন, সীমান্তবর্তী কালকিনি উপজেলার মসজিদবাড়ি বাজারের বীজ ভাণ্ডারের মালিক মো. আক্কেল আলীর কাছ থেকে গত ফেব্রুয়ারি মাসে পাট বীজ কেনেন চাষীরা। কিন্তু ওই বীজ বপন করার পর এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়ে পাট গাছে অসময়ে ফুল ধরেছে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা, খাঞ্জাপুর, ইল্লা, সালতা, বাগিশেরপাড় গ্রামের দেড় শতাধিক পাট চাষী মেয়াদ উত্তীর্ণ ওই বীজ বপন করে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বীজ ভাণ্ডারের মালিক মো. আক্কেল আলী চাষীদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মেয়াদ উত্তীর্ণ পাট বীজ বিক্রি করিনি। সময় মত বীজ বপন না করায় ও অতি বর্ষণের কারণে এ সমস্যা হতে পারে।
আরও পড়ুন: বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর: স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট
গৌরনদী উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান জানান, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কৃষি অফিসের লোকজন পাঠিয়েছিলাম। কৃষকদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বীজ ডিলার অন্য উপজেলার হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা।
ইত্তেফাক/অনি