গৌরনদীতে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুদেবপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ২ জনকে বরিশাল শেবাচিম ও ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ থেকে ২টি মামলা দায়ের করা হয়েছে। এক পক্ষের মামলায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৪ শতক জমি নিয়ে ওই গ্রামের  জাহাঙ্গীর সরদারের সঙ্গে নজরুল মৃধার দীর্ঘবছর যাবৎ বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। বিরোধপূর্ণ ওই জমিতে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর সরদার হালচাষ করার সময় স্থানীয় নজরুল মৃধা গংরা বাঁধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা-পাল্টাহামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলা ও সংঘর্ষে জাহাঙ্গীর সরদার, হাবিব সরদার, আলমগীর সরদার, শান্ত সরদার, মজিবর সরদার, রুমা বেগম, কামরুল মৃধা, মীম খানম, জহির মৃধাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এরমধ্যে আলমগীর সরদার ও হাবিব সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুনঃ ‘আমি তো থুরথুরা বুড়া, আমারে তো কেউ ভাতার কার্ড দিলো না!’

পাল্টাপাল্টি ২টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ মিজানুর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জাহাঙ্গীর সরদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে ওইদিন রাতে মামলা দায়ের করলে মামলার আসামি নজরুল মৃধা, কামরুল, তুষর, রিমনকে গ্রেফতার করা হয়।

প্রতিপক্ষ জহির মৃধা বাদী হয়ে ১০জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। উভয় মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু