কক্সবাজারের টেকনাফে মাছ বোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ১১ জন কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী (নাম্বার বিহীন) মাছ বোঝাই পিকআপ ভ্যান এবং টেকনাফ হতে হ্নীলাগামী একটি মোটরসাইকেলের সৌর বিদ্যুৎ প্রকল্পের উত্তর-পশ্চিমের সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গেলে গাড়িতে থাকা লোকজন চাপা পড়ে। অন্য যানবাহনের লোকজন গাড়ি থামিয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লেদা রোহিঙ্গা ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর আবু শামার পুত্র গুরা মিয়া (৩৭) এবং বালুখালী রোহিঙ্গা বস্তির আব্দুল হতের পুত্র আয়াছ উদ্দিনতে (১৮) মৃত ঘোষণা করেন।
অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত উনচিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ২০৫৮ নং রুমের মো. হোছাইনের পুত্র সোলতান আমিন (৩৮), সোলতান আমিনের পুত্র মো. সলিম (১৩), থাইংখালী হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৬নং ব্লকের ৫০৯ নং রুমের আমির হোসাইনের পুত্র আয়াতুল্লাহ (৩৫), কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের কবির আহমদের পুত্র নবী হোসাইন (১৪),জি-৩ ব্লকের মৃত অলি আজমের পুত্র জমির হোসাইন (৩২), পালংখালী শফি উল্লাহ কাটা ক্যাম্পের ডি-৩ ব্লকের ১৪০নং রুমের লালুর পুত্র আব্দুল আমিন (২২), জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আহমদ হোসেনের পুত্র আবাদ উল্লাহ (২৫), সি-৭ ব্লকের ছৈয়দ নুরের পুত্র এনায়েত হোসাইন (১৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ১১৬৬২৪ নং রুমের আনু মিয়ার পুত্র নজিম উল্লাহ (১৩), এফ ব্লকের আব্দুল হামিদের পুত্র মো. জুবাইরসহ (২০) ১১ জনকে কক্সবাজার রেফার করা হয়েছে। মোটরসাইকেল চালক ও পিকআপ ভ্যান চালকের সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর: স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট
হাইওয়ে পুলিশের ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্ত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/অনি