আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করার কোন সম্ভাবনা নাই বিএনপির। তাই তারা (বিএনপি) ১/১১ কুশিলবদের সাথে নিয়ে দেশের পানি ঘোলা করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।
বুধবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস' উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ১/১১ কুশিলবদের সাথে নিয়ে দেশে আবারও ষড়যন্ত্রের বীজ বুনছে। এবং তারা (বিএনপি) তাদের পরম বন্ধু পাকিস্তানকে নিয়ে বহির্বিশ্বের নেতাদের কাছে নালিশ করছে। কারণ আগামী নির্বাচনে জয়লাভ করার কোনও সম্ভাবনা তাদের নেই।
সাম্প্রতিক বিএনপির ভারত সফর প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, অতীতের রাজনীতির ভুলের ক্ষমা চাওয়ার জন্যই ভারত গিয়েছিল বিএনপি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন উনুষ্ঠিত হবে, এর কোন ব্যত্যয় হবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করবে। আর যদি তারা (বিএনপি) ২০১৪ সালের মত আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তারা (বিএনপি) অাত্মহননের পথ বেচে নেবে। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।
বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি করছে দাবি করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। তাঁদের মাথাব্যথা শুধুমাত্র বেগম জিয়ার হাঁটু আর কোমরের ব্যথা নিয়ে। তাই এই নোংরা রাজনীতি থেকে বিএনপিকে বেড়িয়ে আসারও আহ্বান জানান।
সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কিছু দিন আগে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছে এখন কেন যাবে না? এখন কেন ইউনাইটেট হাসপাতালে তাকে নিতে হবে? এর উদ্দেশ্য উদ্ঘাটন করা হোক।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, জোট নেত্রী রেহানা পারভীন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ প্রমুখ।
ইত্তেফাক/এমআই