ভাগ্নে বৌকে ধর্ষণ করে ভিডিও ধারণ, মামা শ্বশুর কারাগারে

সিলেটের ওসমানীনগরে এক মামা শ্বশুর তার বিধবা ভাগ্নে বৌকে (৩৭) ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে ধর্ষক মামাশ্বশুর শফজুল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে। সে উপজেলার তাজপুর ইউপির ভাড়েরা গ্রামের মৃত আখলুছ মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফজুল ভাগ্নে বৌকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ সময় শফজুলের নিকট থেকে ভিকটিমকে ধর্ষণের ভিডিও উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এতে নির্যাতিতা ওই নারী বাদী হয়ে শুক্রবার সকালে শফজুলকে আসামি করে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে ওসমানীনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে নির্যাতিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে পাঠানো হয়। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস.এম. আল মামুন জানান, উপজেলার গোয়ালাবাজার এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিন সন্তানের জননী বিধবা ওই মহিলা। ওই মহিলাকে বিগত প্রায় দুই বছর আগে মামা শ্বশুর শফজুল মিয়া সিলেট শহরের দরগা গেইট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্রটি মোবাইল ফোনে ধারণ করে। এর পর থেকে ধর্ষণের ভিডিওটি মহিলাকে দেখিয়ে জিম্মি করে শফজুল তাকে একাধিক বার ধর্ষণ করে। 

আরও পড়ুন: পদ্মা সেতুর রেলওয়ের গার্ডার স্থাপন শুরু

সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালা বাজারের এলাকায় ওই মহিলার ভাড়া বাসার রান্না ঘরে তাকে আবারো জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষক শফজুলকে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি