ঈদের দিন আমাদের করণীয়

 
ঈদের দিন নিম্নবর্ণিত কাজগুলো করা উত্তম:
 
১. গোসল করা: হজরত ইবনে ওমর (রা) হতে বর্ণিত যে, রাসুল (স) ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। (সুনানে বায়হাকী: ৫৯২০) ২. নতুন পোশাক পরিধান করা: ইবনুল কায়্যিম (রা) বলেন, ‘রাসুল (স) দুই ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরিধান করতেন’। (যাদুল নায়াদ) ৩. খাবার গ্রহণ করা : হজরত বুরাইয়া (রা) হতে বর্ণিত, ‘রাসুল (স) ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আর  ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না’। (তিরমিযি-৫৪৫) ৪. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া: পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া রাসুল (স) এর সুন্নত। তবে ওজর রত ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। হজরত আলী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, ‘পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত’। (বুখারী :৯৮৬) ৫. ফিতরা আদায় করা: ঈদের দিন সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে সদকায়ে ফিতর ওয়াজিব হয়।
 
৬. তাকবির বলা: আব্দুল্লাহ ইবনে উমার (রা) হতে বর্ণিত, রাসুল (স) ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছা পর্যন্ত ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’ তাকবীর পাঠ করতেন। (মুসতাদরাক :১১০৬) ৭. ঈদের খুতবা শ্রবণ করা :আব্দুল্লাহ বিন সায়েব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (স) এর সঙ্গে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন, তখন বললেন, ‘যার ভালো লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে’। (সুনানে আবু দাউদ :১১৫৭)
 
৮. দোয়া ও ইস্তেগফার করা: ঈদের দিন আল্লাহতায়ালা একদল লোককে এভাবে মাফ করে দেন যেমনি তাদের মা তাদেরকে নিষ্পাপ জন্ম দিয়েছিল। রসুল (স) বলেন, ‘তারা যেন এই দিনে মুসলিমদের জামাতে দোয়ায় অংশগ্রহণ করে’। (লাতাইফুল মায়ারিফ) ৯. মুসাফাহ ও মুআনাকাহ: ঈদের নামাজের পর রাসুল (স) তার সাহাবীদের সঙ্গে মুসাহাফাহ ও মুআনাকাহ করতেন।
 
১০. শুভেচ্ছা বিনিময় করা: ইবনে হাজার (রাহ) বলেন, সাহাবীরা ঈদের দিন ঈদের নামাজের পর ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। ঈদ মুবারক ইনশাআল্লাহ, ঈদকুম সাঈদ, এ ধরনের বাক্য বলে একে অপরের সঙ্গে ঈদের নামাজের পর শুভেচ্ছা বিনিময় করতেন। এছাড়া ঈদুল ফিতরের দিন আমরা আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর খোঁজ-খবর নেব। শালীনভাবে আনন্দ উত্সব করব।
 
লেখক : ইসলামী গবেষক