পাকিস্তানের মালালা ইউসুফজাইকে যে গুলি চালিয়েছিল, সেই তালিবান নেতা ফজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। ভয়েস অফ আমেরিকা শুক্রবার এই খবর নিশ্চিত করেছে।
মার্কিন ড্রোন হামলায় মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথা বলতে গিয়ে এদিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার গভীর রাতে ফজলুল্লাহকে টার্গেট করে হামলা চালানো হয়। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান ফজলুল্লাহ 'মুল্লাহ রেডিয়ো' নামে পরিচিত।
মার্কিন ফোর্সেস-আফগানিস্তানের মুখপাত্র মার্টিন ও'ডনেল জানিয়েছেন, 'আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কুনার প্রদেশে গত ১৩ জুন সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল আমেরিকা। একটি সন্ত্রাসবাদী সংগঠনের এক শীর্ষ নেতাকে টার্গেট করা হয়েছিল।' তবে ফজলুল্লাহকেই আমেরিকা টার্গেট করেছিল কি না তা স্পষ্টভাবে জানাননি তিনি।
মার্কিন ড্রোন হামলায় ফজলুল্লাহের মৃত্যুর খবর এর আগেও ছড়িয়েছে। ২০১০ সালের পর থেকে চারবার তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটন ডিসির শীর্ষ কর্মকর্তা মাইকেল কুগেলম্যান এ কথা টুইটেও জানিয়েছেন।
আমেরিকার দাবি, ২০১২ সালে কিশোরী মালালাকে হত্যার পরিকল্পনা করেছিল ফজলুল্লাহ। তিনিই নাকি স্কুল বাস থামিয়ে জিজ্ঞেস করেন, 'মালালা কে?' মালালা পরিচয় দিলে তার মাথায় গুলি চালায় ফজলুল্লাহ।
ইত্তেফাক/ইউবি