এসে গেছে বৈশাখ, হয়ে ছিল ভাত পাক:
পচেগলে পান্তা!
চেতা ভারি ফিটফাট, কথা কয় কাটকাট,
যেন সবজান্তা:
চোখ তার পাকা দুই লংকা...
এই দিকে কালিঝড়ে কাঁচা-পাকা আম পড়ে,
বোঝে না তা গাছি!
‘এবার কী হবে, কী হবে স্যার?’
এ প্রশ্নের ধারে না চেতা ধার!
উলটো সে হাঁকে:‘বল্, কে কে
কাজে-কামে কতটা অ্যাকটিভ তোরা ছিলিস?
গায়ে নাই ছেঁড়াকাঁথা, ঠিক আছে তো মাথা!
এই নে ইলিশ...’
ইলিশ কী-ভাবে এল?
কী সুন্দর জাঁহাবাজ, যেন নিজে মহারাজ,
বলে চেতা স্বতস্ফূর্ত, ঘোরপ্যাঁচে বিমূর্ত:
‘এই গত কালিকে পল্লিপাড়া-মালীকে
ধরিয়ে দিলাম বলে আটকা-আ-আ-আ
মা-মাছ, জাটকা...
প্রশাসন ভেবাচেকা, এক ট্রাক হলো পাকা:
লাগ জাদু ভেলকি, দেখে নে খেল্ কী?’
মালিকের মাল কার পকেটে,
গলাভরা ইলিশের লকেটে !
মাল যায়, যায় যাক, তাতে কী?
কোরমায় যত যায়, তত যায় ভাতে কি?
এই ভেবে কর্তা চকচকা শর্তা;
মুখটিপে বড়দা পান-সুপুরি-জর্দা খায় আর হাসে...
সরকার দরকার, খুকখুক কাশে!