অনির মিউজিক ভিডিও প্রকাশ

ঈদ সামনে রেখে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে ৩১ মে প্রকাশিত হয়েছে ওয়াহিদ জামান অনির সুর, কথা ও কণ্ঠে এবং রেজওয়ান সাজ্জাদের সঙ্গীতায়নে মিউজিক ভিডিও ‘মোহনা’। বড় বাজেটের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আল হারুন বাঁধন।
 
লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর মিউজিক ভিডিওটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। চমৎকার এই ভিডিওটিতে শিল্পী অনির সঙ্গে সহশিল্পী হিসাবে ছিলেন মডেল অর্ণি জাহান। পাবনার পাকশী ও ভৈরবের মনোমুগ্ধকর স্থানে গানটি চিত্রায়ন করা হয়েছে।
 
শিল্পী ওয়াহিদ জামান অনি বলেন, ‘আমি চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। আশা করি গানটির কথা, সুর, গায়কী এবং সঙ্গীত সকলের পছন্দ হবে। ভিডিওতে আমরা দারুণ সব লোকেশনে কাজ করেছি। ক্যামেরার কাজ এবং কালার দেখেও সবাই মুগ্ধ হবে। মিউজিক ভিডিওটিতে গান এবং গল্পের খুব সুন্দর একটি সমন্বয় রয়েছে, যার মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার ব্যাপারে দর্শকদের আগ্রহ থাকবে।’
 
ইউটিউবে খুব সহজেই Mohona by Oni New Music Video 2018 কথাটি লিখে সার্চ দিয়ে দেখা যাবে এই ভিন্নধারার মিউজিক্যাল ফিল্মটি। আসুন কিছু সময়ের জন্য হারিয়ে যাই সঙ্গীতের ‘মোহনায়’।
 
 
 
 
 
ইত্তেফাক/আরকেজি