রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদুল ফিতরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘ঈদ সব শ্রেনি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সকল শ্রেনিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।’পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আবদুল হামিদ উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে ‘আমাদের মাঝে আসে পবিত্র ঈদুউ ফিতর’।
তিনি বলেন, এ দিনটি আনন্দের, খুশির। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে।
রাষ্ট্রপতির প্রত্যাশা, ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য। বাসস
ইত্তেফাক/ইউবি