স্বাস্থ্যসচেতনদের জন্য ৫ ওয়েবসাইট

ইন্টারনেট এখন পরিণত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের জানা-বুঝার পরিধিকে বাড়িয়ে নিতে ইন্টারনেট হাজির হয়েছে এক অনিবার্য উপকরণে। যেকোনো বিষয়েই অনলাইন সার্চের মাধ্যমে নানা ধরনের তথ্য বের করার সুযোগ তো রয়েছেই। এর বাইরেও ইন্টারনেটে বিভিন্ন বিষয়ের জন্য রয়েছে নানা ধরনের বিশেষায়িত ওয়েবসাইট। স্বাস্থ্য বিষয়ক এমন ওয়েবসাইটের সংখ্যাও কম নেই অনলাইনে। প্রাথমিক চিকিত্সা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সম্পর্কিত এমন কয়েকটি ওয়েবসাইটের কথা তুলে ধরেছেন মোস্তাফিজুর রহমান

প্রাথমিক চিকিত্সা

প্রাথমিক চিকিত্সার আদ্যোপান্ত জানার সুযোগ রয়েছে ফার্স্ট এইড ফরফ্রি (www.firstaidforfree.com) ওয়েবসাইটে। অনেক পরিস্থিতিতেই প্রাথমিক চিকিত্সা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রবিশেষে তা জীবনরক্ষাকারীও হয়ে উঠতে পারে। এই প্রাথমিক চিকিত্সার পাঠ এবং প্রাথমিক চিকিত্সা সম্পর্কিত সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই সাইটের যাত্রা। এই ওয়েবসাইট থেকে প্রাথমিক চিকিত্সা বিষয়ক কোর্সে অংশগ্রহণ করা যাবে। এই কোর্সগুলো হলো—বেসিক ফার্স্ট এইড, অ্যাডভান্সড ফার্স্ট এইড, পেডিয়াট্রিক ফার্স্ট এইড প্রভৃতি। এখানকার সব কোর্সে বিনামূল্যে অংশগ্রহণ করা যায়। কোর্সে অংশ নিতে কেবল এই সাইটে নিবন্ধ করে নিতে হবে। প্রাথমিক চিকিত্সা বিষয়ক কোর্স করতে চাইলে তাই ভিজিট করুন ফার্স্ট এইড ফরফ্রি ওয়েবসাইটে।

শিশু স্বাস্থ্যের জন্য দুই ওয়েবসাইট

শিশু স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক অভিভাবকই। বিশেষ করে যারা প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন কিংবা সন্তান ধারণ করতে আগ্রহী, তাদের চিন্তাটা আরও একটু বেশি। সাধারণভাবে শিশু স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করাই ভালো। তবে শিশু পরিচর্যার ক্ষেত্রে এমন অনেক তথ্যই জানা থাকা প্রয়োজন যেগুলো দেখামাত্র ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন বা এরই মধ্যে সন্তানসম্ভবা হয়েছেন, তাদের জন্য কার্যকরী একটি ওয়েবসাইট বেবি সেন্টার (www.babycenter.in)। যুক্তরাজ্য এবং ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের লেখা এবং পর্যালোচনা বিভিন্ন আর্টিকেল রয়েছে এই সাইটে। সন্তান ধারণ থেকে শুরু করে গর্ভাবস্থার বিভিন্ন ধাপের জন্য এখানে রয়েছে প্রয়োজনীয় বিভিন্ন আর্টিকেল। কেবল সাধারণ আলোচনাই নয়, এই সময়ে কী করণীয় তা নিয়েও রয়েছে বিভিন্ন আর্টিকেল। এই ওয়েবসাইটে একটি ফোরামও রয়েছে যেখানে নিজের অবস্থা বা সমস্যা অন্য কোনো গর্ভবতী বা মায়ের সাথেও শেয়ার করা যাবে।

শিশুর বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে কার্যকরী আরেকটি ওয়েবসাইট হলো কিডস হেলথ (www.kidshealth.org)। শুধু অভিভাবকই নয়, শিশুরা নিজেরাই যাতে এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারে, সেভাবেই ডিজাইন করা হয়েছে ওয়েবসাইটটি। ফর প্যারেন্টস, ফর কিডস এবং ফর টিনস নামের তিনটি আলাদা ক্যাটাগরি রয়েছে এই সাইটে। এর মধ্যে ফর প্যারেন্টস ক্যাটাগরি থেকে অভিভাবকরা জেনে নিতে পারবেন শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি, শিশুর সামাজিকীকরণ, আবেগ, আচরণ প্রভৃতি বিষয়ে নানা তথ্য। অন্যদিকে শিশুরাও এই ওয়েবসাইট থেকে নিজেদের আবেগ-অনুভূতির নিয়ন্ত্রণ, সামাজিক আচরণ, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার উপায় বিষয়ে জানতে পারবে। আর টিনস ক্যাটাগরি থেকে কিশোররা তাদের বয়ঃসন্ধির বিভিন্ন বিষয়সহ মানসিক বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন তথ্য পেতে পারে এই সাইট থেকে। এই সাইটটি মূলত যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করা বলে সেখানকার জীবনাচরণের প্রতিফলন রয়েছে। তবে মৌলিক আবেগ-অনুভূতির বিষয়গুলো আসলে সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।

মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য ও সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য জানা ও শেয়ারিংয়ের একটি সাইট সাইক সেন্ট্রাল (www.psychcentral.com)। একে অনেকটাই মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বলা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের থেকে পরামর্শ পাওয়া যায় এখানে। মাদকাসক্তি, উদ্বিগ্নতা, অটিজন, বিষাদ, সিজোফ্রেনিয়া, ঘুমের সমস্যাসহ যাবতীয় মানসিক সমস্যা সম্পর্কে নানা ধরনের তথ্য ও পরামর্শ মিলবে এখানে। এসব সমস্যা নিয়ে বিশ্বব্যাপী চলমান সব গবেষণার খোঁজখবরও এখানে পাওয়া যায়।

মাইক্রোসফট হেলথভল্ট

নিজেদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যের সংরক্ষণ করার উপযোগী সেবা হিসেবে মাইক্রোসফট চালু রেখেছে হেলথভল্ট (www.healthvault.com)। নিজের যেকোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক তথ্য এতে সংরক্ষণ করলে তা যেকোনো ইন্টারনেট-সক্রিয় ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে। মাইক্রোসফটের যেকোনো অ্যাকাউন্ট থাকলেই ব্যবহার করা যাবে হেলথভল্টের সেবা। নিজের শারীরিক তথ্য সংরক্ষণের সাথে সাথে ফিটবিট, মাইফিটনেস কম্প্যানিয়ন বা গেটফিটের মতো অ্যাপসের মাধ্যমে তা বিশ্লেষণও করা যাবে।