রাস্তায় ময়লা ফেলা দেখে রেগে আগুন আনুষ্কা

রাস্তা নোংরা করার জন্য আনুষ্কার বকুনি খেলেন এক পথচারী। আর সেই গোটা দৃশ্যের ভিডিও আপলোড করলেন বিরাট কোহলি। 
 
ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট-আনুষ্কার পাশের গাড়ির এক ব্যক্তি রাস্তায় নোংরা প্লাস্টিক ফেলতে ফেলতে যাচ্ছিলেন। দেখার সঙ্গে সঙ্গে আনুষ্কা রেগে যান। 
 
গাড়ির কাচ নামিয়ে আনুষ্কা বলেন, ‘আপনি রাস্তায় কেন নোংরা ছুড়ে ফেলছেন?’ ওই ব্যক্তি উত্তর দেয়ার আগেই আনুষ্কা হুঁশিয়ারী, ‘সাবধান হোন। আপনি এভাবে রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফেলতে পারেন না।’ 
 
ওই ব্যক্তি একা ছিলেন না। সঙ্গে ছিল তার সঙ্গীরা। এই পুরো ঘটনার ভিডিওই বিরাট শেয়ার করে লেখেন, ‘এদেরকে রাস্তায় নোংরা ছুড়ে ফেলতে দেখছিলাম। বিলাসবহুল গাড়িতে চাপে, আর এইটুকু বোধ নেই? এরা আমাদের দেশকে পরিষ্কার রাখতে পারবে? আপনিও রাস্তায় এমন কিছু দেখলে, এভাবেই প্রতিবাদ করবেন ও সচেতন করবেন।’ 
 
ভিডিওটি ইনস্টাগ্রাম ও টুইটারে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। কর্ণ জোহরও এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘এটাই আজকের দিনের আদেশ। ওয়েল ডান আনুষ্কা।’
 
তবে এই প্রথম নয়। এর আগেও সমাজ সচেতনতামূলক বহু কাজ করেছেন আনুষ্কা। কখনো রাস্তার পশুদের জন্য আবার কখনও স্বচ্ছ ভারত অভিযান। 
 
ইত্তেফাক/ইউবি