গুঞ্জন:গাঁটছড়া বাঁধলেন কলকাতার শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা রয়েছে অনেক। সম্প্রতি বাংলাদেশের সিনেমায় অভিনয়ের পর সেই জনপ্রিয়তা আরো বেড়েছে। তাই তাকে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে। সম্প্রতি তার বিয়ে নিয়ে বেশ আলোচনা চলছিল গণমাধ্যমে। অবশেষে সেই আলোচনা শেষ হলো শ্রাবন্তীর বিয়ের মধ্য দিয়েই! সম্প্রতি শ্রাবন্তী ও রোশনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায় দু’জন হাসিমুখে তাকিয়ে আছেন। তাহলে বিয়েটা কী সত্যি করে ফেললেন শ্রাবন্তী! দ্বিধার কারণ ছবির সত্যতা যাচাই করা যায়নি এখনো। শ্রাবন্তী বা রোশনের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও শেয়ার হয়নি এই ছবি। জানা যায়, গত সোমবার বাগদান সম্পন্ন হয়েছে শ্রাবন্তী-রোশনের। প্রায় ১ বছর সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জুটি। শুক্রবারই সম্ভবত সাতপাকে বাঁধা পড়েছে এই জুটি। সোমবার এনগেজমেন্ট হয়েছে তপসিয়ার একটি বিলাসবহুল রেস্তোরাঁয়। রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার। তার পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক ভালো। ছেলে ঝিনুকেরও এই বিয়েতে মত রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। শোনা যায়, রাজীব নানাভাবে নির্যাতন করতেন শ্রাবন্তীকে। সেকারণেই বিচ্ছেদ।  রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তী বিয়ে করেন পেশায় মডেল কৃষণ ব্রজকে। বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। সেই থেকে আবারো বিচ্ছেদ হয় এই নায়িকার।