রাবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থক শিক্ষকদের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের হলুদ প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সাদা প্যানেলের মধ্যে পদ ভাগাভাগি হয়েছে। এ নির্বাচনে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১০টি পদ লাভ করেছে হলুদ প্যানেল। তবে সভাপতি ও চারটি সদস্যসহ পাঁচটি পদ লাভ করেছে সাদা প্যানেল।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর তিনটা পর্যন্ত জুবেরি ভবনের দক্ষিণ লাউঞ্জে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. এ বি এম হামিদুল হক।

সভাপতি পদে সাদা প্যানেল থেকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকী ৫০৮ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেল থেকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতির প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের প্রার্থী অধ্যাপক ড. ফরহাদ হোসেন পেয়েছেন ৪৩৯ ভোট এবং সাধারণ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রার্থী অধ্যাপক ড. আমিনুল ইসলাম পেয়েছেন ৪৬৪ ভোট।

হলুদ প্যানেল থেকে বিজয়ী অন্যেরা হলেন: সহ-সভাপতি হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা নাজ, যুগ্ম-সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজ্জাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল), সদস্য ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ-২, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুল আরেফিন, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশনের অধ্যাপক ড. এ এম শহীদুল আলম লিটন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম রয়েল, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান শামীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক টুটুল। অন্যদিকে সাদা প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন: সদস্য প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম-২, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন-১, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত্ হোসেন, ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন।