আদমদীঘিতে মোটরসাইকেল ছিনতাই, আহত তিন

বৃহস্পতিবার রাতে আদমদীঘির মুরইল-রায়কালী সড়কের বটতলীতে দড়ির ব্যারিকেড দিয়ে পথরোধ করে মোটর সাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এ সময় তিনজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুরের খসলাপাড়া গ্রামের গোলাম মওলা ঢাকা থেকে মুরইল বাসস্ট্যান্ডে নামেন। এরপর নাহিদ ও জামালসহ মোটর সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। পথে বটতলিতে ছিনতাইকারীরা দড়ি দিয়ে ব্যারিকেড দেয়। এতে তারা ছিটকে পড়ে গেলে তাদের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে মোটর সাইকেল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল উদ্ধারের তত্পরতা চালানো হচ্ছে।