গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুই গ্রুপের হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় রাতে উভয়পক্ষ মামলা করেছে। একপক্ষের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৪ শতক জমি নিয়ে উপজেলার বাসুদেবপাড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের সঙ্গে নজরুল মৃধার দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ ওই জমিতে ঘটনার দিন জাহাঙ্গীর সরদার হাল চাষ করতে গেলে নজরুল মৃধা গংরা বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।