শুক্রবার ভোরে বরিশালে নিজের বাসা থেকে দলিল লেখক রেজাউল করিম রিয়াজের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, ভোর ৫টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের নিজ বাসার মধ্যে রক্তাক্ত লাশ দেখেন স্থানীয়রা। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে নিহতের স্ত্রী ছাড়া আর কেউ ওই বাসায় ছিল না। এ ঘটনায় সন্দেহজনকভাবে স্ত্রী আমেনা খাতুন লিজা ও লিজার ভাই মো. ইমনকে আটক করেছে পুলিশ।
এদিকে আটককৃতরা নিজেদের নির্দোষ দাবি করে এই ঘটনার সঙ্গে রিয়াজের ভাইকে দায়ী করছেন। লিজা পুলিশকে জানায়, জমিজমা এবং টাকা নিয়ে দ্বন্দ্ব ও নিহতের ভাইদের সঙ্গে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।