বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে বিনামূল্যের ভিজিডির কার্ড টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি কার্ড সর্বোচ্চ ৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের একাধিক বাসিন্দা। এ ব্যাপারে বাইশারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এমবি মাসুদ পারভেজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি লিখিতভাবে অভিযোগ করেছেন।
অপরদিকে এমবি মাসুদ পারভেজের অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, মন্ত্রণালয়ের পত্র পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।