কোস্টগার্ডের ওপর হামলায় তিন নৌযানচালক আহত

মঠবাড়িয়ার বলেশ্বর নদে টহলরত কোস্টগার্ডের ওপর সংঘবদ্ধ একদল জেলে হামলা চালিয়েছে। হামলায় কোস্টগার্ডের তিনজন নৌযানচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন ভাণ্ডারিয়ার কন্টিজেন্ট কমান্ডার এম মোস্তাক আহমেদ (পিও) বাদী হয়ে এজাহার নামীয় ২৫ ও অজ্ঞাত আরো ৭০/৮০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, মারধর ও লুটের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ওই মামলার এজাহার নামীয় আসামি উপজেলার বড় মাছুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে বশির হাওলাদার ও প্রতিবেশী চর ভোলমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির খাঁকে গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ব্যাপারে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।