‘শর্ত আরোপ করে নির্বাচন বানচালের ফাঁদ তৈরি হচ্ছে’

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপণ করছে। তিনি বলেন, এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, কে আসবে না তা আলোচনার বিষয় হতে পারে না।
 
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
ইনু বলেন, বিএনপি নেতারা নির্বাচনের কথা বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলেছেন। বিএনপি জামায়াত, জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের প্রত্যেক্ষ দোসর এবং গণতন্ত্রের জন্য বিপদ।
 
নির্বাচনের আসা বা না আসা নিয়ে আলোচনার প্রশ্নই আসে না উল্লেখ করে তিনি আরও বলেন, সামরিক শাসনের আমদানি করা জামায়াত, জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি এই পাঁচ দানবকে রাজনীতি ও ক্ষমতা থেকে বাইরে রাখা যায় সেই বিষয়টা আলোচনার বিষয়বস্তু হতে পারে।
 
ইত্তেফাক/এমআই