কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদন শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আগামীকাল রবিবার কার্যতালিকায় রাখা হয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েসবাইটে প্রকাশিত আপিল বিভাগের ২৪ জুনের জন্য প্রকাশিত কার্যতালিকায় আবেদন দুটি ৯ ও ১০ নম্বর ক্রমিকে রয়েছে। গত ২৮ মে একটি হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়।
এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৯ মে আপিল বিভাগের চেম্বার কোর্ট জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেয়। সে অনুযায়ি ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে ’লিভ টু আপিল’ করতে আদেশ দেয়। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করে আদালত।
গত ২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। ২০১৫ সালের শুরুর দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরো ২০ জনের মতো। সে ঘটনায় কুমিল্লায় পৃথক মামলা দায়ের করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ের পর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি থেকে সাজা ভোগ করছেন বেগম খালেদা জিয়া। দণ্ডিত হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য আরো বেশ কটি মামলায় জামিন না হওয়া সংক্রান্ত কারণে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।
ইত্তেফাক/ইউবি