‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গির দেশ হবে’

 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগেকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
শনিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ।’ 
 
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরু করতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দলটির প্রতিষ্ঠার স্বপ্নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়নশীল বাংলাদেশে উন্নীত হয়েছে। মহাকাশে সেটেলাইট উৎক্ষেপন হয়েছে। বাংলাদেশের সফলতা আজ বিশ্ব নেতাদের কাছে প্রতিমুহূর্তের আলোচনার বিষয়। 
 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি