সিটির বাঁচামরার লড়াই

দিন চারেক আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করেছিলো টটেনহ্যাম। আজ বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচে সেই টটেনহ্যামকেই আবার নিজেদের মাঠে আতিথ্য দেবে শিরোপাধারী সিটি।

এক ম্যাচ কম খেলে লিভারপুল থেকে দুই পয়েন্টে পিছিয়ে থাকা সিটি এই ম্যাচে হারলেই লিভারপুলের হাতে চলে যাবে শিরোপা, বিশ্বাস দলটির সাবেক ডিফেন্ডার ড্যানি মিলসের। তিনি এটাও বিশ্বাস করেন যে, গেল সপ্তাহেই সম্ভাব্য চার শিরোপার সন্ধানে থাকা সিটি প্রিমিয়ার লিগ জিততে ব্যর্থ হলে মৌসুমটাকে ব্যর্থ হিসেবেই ধরা হবে। ‘কোয়াড্রুপল’ বা সম্ভাব্য চার শিরোপার যাত্রা থেকে ছিটকে গেলেও টানা দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার যাত্রা এখনো শেষ হয়ে যায়নি সিটির। লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকলেও এক ম্যাচ কম খেলা সিটি নিজেদের বাকি সব ম্যাচে জয়লাভ করলেই শিরোপা জিতবে।

অন্যদিকে, টটেনহ্যামের শিরোপার স্বপ্ন ফেব্রুয়ারি-মার্চের দিকে টানা পাঁচ হারেই ধূলিসাত্ হয়ে গেছে। শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে দলটি এখনো আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লড়ছে।

 গেল সপ্তাহে এই টটেনহ্যামই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছিলো সিটিকে। লিগেও এর পুনরাবৃত্তি ঘটলে এর মাসুল শিরোপা হাতছাড়া করেই দিতে হবে বলে বিশ্বাস মিলসের। তিনি বলেন,‘ম্যানচেস্টার সিটি যদি ম্যাচটি জিততে না পারে তবে শিরোপা হাতছাড়া হয়ে যাবে। তাই হলে, চারদিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের আশা শেষ হয়ে যাবে।’

চ্যাম্পিয়ন্স লিগের পর প্রিমিয়ার লিগও জিততে ব্যর্থ হলে সিটির মৌসুমটা ব্যর্থই হবে বলে মনে করেন তিনি। সাবেক সিটি ডিফেন্ডার বলেন, ‘এরপর তাদের হাতে এফএ কাপ থাকবে কিন্তু একটি শিরোপা নিয়ে মৌসুম শেষ করার আশঙ্কাও আছে। যদি তাই হয় তবে কি এটা ‘ব্যর্থ মৌসুম’ হবে না?’