কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সড়কজুড়ে থাকা এসব গর্তের কারণে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া। পৌরসভার প্রবেশদ্বার নাইট্যাংপাড়া থেকে ২ কিলোমিটারেরও বেশি সড়কের অবস্থা বর্তমানে খুবই নাজুক।
পুরাতন পল্লান এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী জানান, বছরের প্রায় সময় পৌর শহরে দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। রোহিঙ্গা আগমনের পর থেকে প্রায় সময় ভিআইপি ডেলিগেটের পদচারণা থাকে এখানে।
পৌর এলাকার অভ্যন্তরে মডেল থানা, উপজেলা পরিষদ, ঐতিহাসিক মাথিনের কূপ, দৃষ্টিনন্দন ট্রানজিট জেটি, বাস টার্মিনাল, সরকারি কলেজ, বড় মাদ্রাসা এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। পৌরসভার অদূরে রয়েছে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর। এ কারণেই টেকনাফ পৌরসভার গুরুত্ব খুব বেশি জানিয়ে তরুণ এই ব্যবসায়ী আরো জানান, বছরের প্রায় সময় এ পৌর সড়কের এমন দুর্দশা থেকে মুক্তি পাচ্ছেন না এখানকার জনসাধারণ।
পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি নুর বখত জানান, শহরের প্রধান সড়কসহ বেশ কয়েকটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চলাচলে সাধারণ মানুষের যেমন সমস্যা হচ্ছে তার চেয়েও বেশি রিকশা এবং ইজিবাইক নিয়ে রোগীদের চলাচল মুশকিল হয়ে পড়েছে।
এ সড়কে চলাচলকারী শাব্বির নামের এক রিকশাচালক জানান, ছোট ছোট গর্তের কারণে গাড়ি চালানোই মুসিবত। তারপরেও পেটের দায়ে রিকশা চালিয়ে যাচ্ছি। পৌরসভার অধিবাসী আলমগীর নামের একজন ব্যবসায়ী জানান, আমরা পৌরকর ঠিক সময়ে প্রদান করছি। অথচ সড়ক সংস্কার ব্যবস্থাপনায় পৌর কর্তৃপক্ষ অনিয়মিত বললেই চলে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, পৌর মেয়র অযথা সওজের বাহানা দিয়ে নিজের দায় এড়িয়ে চলার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, পৌর কর্তৃপক্ষ চাইলে একদিনেই এই সড়ক সংস্কার করা সম্ভব।
এ বিষয়ে জানতে টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌর কাউন্সিলর সড়কের বেহাল অবস্থার কথা অকপটে স্বীকার করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান জানান, এখানে সওজ এবং পৌরসভার মধ্যে সড়ক সংস্কার নিয়ে সমস্যা দেখা দিয়েছে। জেলা সমন্বয় সভায় বেশ কয়েকবার পৌর সড়ক মেরামতের কথা উত্থাপন করে ইউএনও আরো বলেন, দ্রুত সময়ে পৌর সড়ক সংস্কারের জন্য তিনি মেয়রকে বলবেন।