নকশাবহির্ভূত ভবন নির্মাণ

হটলাইনে অভিযোগ পেয়ে শান্তিনগরে দুদক টিম

রাস্তা দখল ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রবিবার দুদকের হট লাইন ১০৬ এ (অভিযোগকেন্দ্র) জৈনক ব্যক্তি এমন অভিযোগ করলে দুদকের এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে এ অভিযান চালায়। অভিযুক্ত ভবনটি হলো- শান্তিনগর বাজার রোডের ১৩/১৭ নং গ্রিন ল্যান্ড প্লাজা। আট তলা বিশিষ্ট এ ভবনটি বাণিজ্যিক ও আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অভিযানের কথা দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ইত্তেফাককে জানান। 
 
দুদক জানায়, অভিযোগ ছিল ভবনটি নির্মাণে রাজউক আইন লঙ্ঘন করে রাস্তার ৮ ফুট দখল করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক সেলিনা আক্তার মনির নেতৃত্বে আট সদস্যের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ভবনের মূল নকশায় ৫ তলা ভবন নির্মাণের কাগজপত্রের সন্ধান পান। কিন্তু সংশোধিত নকশা, যাতে ৮ তলা নির্মাণের অনুমতি আছে, বাড়ির মালিক সেই নকশা দেখাতে ব্যর্থ হন। এ বিষয়ে দুদক টিম রাজউক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা দুদক টিমকে জানান, এই মুহূর্তে সর্বশেষ নকশার সমর্থনে যে নথি রয়েছে সেটা পাওয়া যাচ্ছে না।
 
দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, এনফোর্সমেন্ট টিম ধারণা করছে রাজউকের অবহেলা অথবা অনৈতিক লেনদেনের মাধ্যমে পরস্পর যোগসাজশে নকশাবহির্ভূতভাবে ভবনটি নির্মিত হয়েছে।
 
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ভবন নির্মাণে দুর্নীতির কারণে ঢাকা শহর বাসযোগ্যতা হারাচ্ছে। পরিকল্পিত নগরায়নে দুদক যথাযথ ভূমিকা পালন করবে।
 
ইত্তেফাক/এমআই