রাজধানীতে অভিযানে অস্ত্র-গুলিসহ ৯ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি টিম চোরাই মটরসাইকেল, অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- সালিম উদ্দিন আহম্মেদ ওরফে সবুজ (৩৫), মো. রনি (৩৫), মো. টিপু (২৪), বাপ্পি সরকার (২৩) ও মো. সালাউদ্দিন ফকির (২৩)। তাদের কাছ থেকে ২টি রিভলবার ও ২২ রাউন্ড গুলি এবং অন্যদের কাছ হতে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 
 
রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য।
 
তিনি বলেন, গ্রেফতারকৃত রনি ও টিপু মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নেতা দ্বীন ইসলাম ও সালিম উদ্দিন। এর মধ্যে দ্বীন ইসলাম পলাতক। তারা বিভিন্ন বাসা বাড়ি, পার্কিং এলাকায়  রেখে যাওয়া মোটরসাইকেল এর লক ভেঙ্গে অথবা রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয়  দেখিয়ে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে। পরবর্তী সময় চোরাই গাড়ির ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে এবং দালালের মাধ্যমে কম মূল্যে বিক্রয় করে। পলাতক দ্বীন ইসলাম ডাকাতি ছিনতাইসহ চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল কেনা বেচা করে থাকে। তাকে ধরতে অভিযান চলছে। 
 
অপর একটি অভিযানের বিষয়ে ডিবি প্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা সিরিয়াস ক্রাইম বিভাগ ৪টি  দেশীয় অস্ত্র ও ১টি পিকআপ ভ্যানসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ডেমরা থানার রাণীমহল সিনেমাহলের সামনে গলাকাটা ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- আমজাদ ওরফে আলমগীর, মূসা মাতব্বর, আলমগীর ও ওমর ফারুক। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি ছোরা, ১টি চাকু ও ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আগত মাছের পিকআপ বা ট্রাককে টার্গেট করে তারা উদ্ধারকৃত পিকআপ দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপর অস্ত্রশস্ত্রের ভয়  দেখিয়ে মাছের পিকআপ থেকে মাছগুলো ডাকাতি করে নিজেদের পিকআপে করে নিয়ে যায়। পরে মাছগুলো তারা বিক্রি করে থাকে।
 
এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা সিরিয়াস ক্রাইম বিভাগ অন্য একটি অভিযানে পশ্চিম শেওড়াপাড়া থেকে ২টি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ১ জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে। তার নাম- নূরুল আমীন। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই