বিশ্বকাপ ট্রফিতে কোকেন পাচার

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে অঙ্কের খাতায়। খেলোয়াড়-কোচসহ সবাই আছেন ব্যাপক সমালোচনায়। দলের জঘন্য পারফর্মেন্সে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা নিয়ে স্বপ্ন দেখার সাহস হয়তো কেউ পাবে না। কিন্তু বুয়েনস আয়ারসে উত্তেজনার কমতি নেই। সে উত্তেজনাকে কাজে লাগাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার মধ্যে কোকেন ভরাট করে পাচার করছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
 
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে 'নারকোস ডে লা কোপা' নামে একটি চক্র বিশ্বকাপ শুরুর আগে থেকে কোকেন পাচার করে আসছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর তা বেড়ে গিয়েছে কয়েক গুণ। তারা পাল্টিয়ে ফেলেছে পাচারের ধরণও। পুলিশের নজর এড়াতে বেছে নিয়েছে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। কোকেন, মারিজুয়ানার মতো নিষিদ্ধ মাদক পাচার করছে।
 
গত শুক্রবার রাতে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার মধ্যে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে চক্রটির বেশ কয়েকজন সদস্য। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে ২০কেজি মারিজুয়ানা, ১০ কেজি কোকেন। সঙ্গে উদ্ধার করে ১২ লাখ টাকার সমপরিমাণ ডলার। হাতেনাতে গ্রেপ্তার করে ৬ জনকে। এদের মধ্যে ছিল ২ জন মহিলা। 
 
বুয়েনস আয়ারসের এক মন্ত্রী জানান, ওই চক্রটি অনেক আগে থেকে নানা উপায়ে মাদক পাচার করে আসছিল। বিশ্বকাপকে কেন্দ্র করে তাদের পাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তবে বর্তমানে পুলিশ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা দেখলে তল্লাশি চালাচ্ছে।
 
ইত্তেফাক/এসআর/নূহু