রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাদকের অপব্যবহার প্রতিরোধে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ সোমবার এক বাণীতে এ আহ্বান জানান তিনি।
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৬জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, মাদক যে কোন দেশের উন্নয়ন, শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। মাদকের করাল গ্রাস দেশের প্রাণশক্তি যুবসমাজকে ধ্বংসের মাধ্যমে উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে। তাই মাদকের অপব্যবহার ও পাচার প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।
বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এসডিজি অর্জন ও সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দেশের যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
ইত্তেফাক/এমআই