ওসমানীনগরে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান শুরু

ওসমানীনগরে যত্রতত্রভাবে গড়ে ওঠা এলপিজি গ্যাসসহ সিলিন্ডার বিক্রির দোকানগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোলায়ালা বাজার, তাজপুর বাজারে অবৈধ পন্থায় ও খোলামেলাভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে পাঁচটি দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাজপুর রবিদাস এলাকার মেসার্স রকি এন্টারপ্রাইজ থেকে ১০ হাজার টাকা, তাজপুর বাজার ও কদমতলা এলাকার রোজী এন্টারপ্রাইজ থেকে ৫ হাজার টাকা, দিলকসাদ পেইন্টার্স থেকে পাঁচ হাজার টাকা, প্রাপ্তি ট্রেডার্স থেকে পাঁচ হাজার টাকা ও গোয়ালাবাজার শেখ ট্রেডার্স থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ‘ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে এলপিজি গ্যাসের দোকান’ শিরোনামে ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়।