কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ ২০০ সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার ডুলুশে এক জনসভায় বলেন, বুধবার এই সমস্ত দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। ট্রাম্প একথা জানালেও দেশটির সামরিক কর্তৃপক্ষ এ ব্যপারে কোন মুখ খোলেনি।
জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমাদের মহান নিহত বীরদের আমরা ফেরত পেয়েছি। তাদের দেহাবশেষ আমাদের দেশে এসে পৌঁছেছে। ধন্যবাদ উত্তর কোরিয়া প্রশাসনকে। ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকের পর ট্রাম্প সংবাদ সম্মেলনে জানান, কিম কোরীয় যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ পাঠাতে রাজি হয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর সূত্রানুসারে, ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে কমপক্ষে ৭ হাজার মার্কিন সেনা নিখোঁজ হন। পেন্টাগনের তথ্যানুযায়ী অতীতে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছিল তাদের কাছে ২০০ মার্কিন সেনার দেহাবশেষ আছে। ওই যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল।
ইত্তেফাক/নূহু