নদী দখলমুক্ত করতে মাস্টার প্লানের খসড়া চূড়ান্ত

আগামী ১০ বছরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলো দখল, দূষণমুক্ত করা ও নাব্য ফিরিয়ে আনতে একটি মাস্টার প্ল্যানের (মহাপরিকল্পনা) খসড়া চূড়ান্ত করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্য বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভায় এটি চূড়ান্ত করা হয়। এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গ্রামগঞ্জের সব মানুষের কাছে উন্নয়নের সব সুবিধা পৌঁছে দিতে হবে। তেমনিভাবে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করতে হবে, নাব্য ফেরাতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি টাস্কফোর্স বা কমিটি করা হয়েছে, পদাধিকার বলে তিনি সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তিনি বলেন, এরই মধ্যে কমিটি একটি খসড়া মাস্টার প্ল্যান করেছি, সেই মাস্টার প্ল্যানের ওপর আলোচনা করে নীতিগতভাবে সেটি অনুমোদন করেছি।