রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (এ)। রাজশাহী মহানগর জাপার সহ-সভাপতি ও জাতীয় যুব সংহতি রাজশাহী মহানগর কমিটির সভাপতি ওয়াসিউর রহমান দোলনকে পার্টির মেয়র প্রার্থী করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় প্রার্থী হিসেবে ওয়াসিউর রহমান দোলনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ও যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম জানান, পার্টির চেয়ারম্যান তাদের নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ আওয়ামী লীগ-বিএনপির বৃত্তের বাইরে যেতে চায়। এ জন্য তারা যোগ্য প্রার্থী খোঁজে। রাজশাহীর জাপা নেতা দোলন অবশ্যই একজন যোগ্য প্রার্থী।
সম্প্রতি মহানগর জাপার নেতারা জরুরি সভা করে রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ওই সভায় প্রার্থী হিসেবে দোলনকে পছন্দ করা হয়। পরে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পার্টির চেয়ারম্যানের কাছে প্রস্তাব পাঠানো হয়। এরপরই পার্টির চেয়ারম্যান তাকে লাঙ্গল প্রতীক দিলেন।
গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটির নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে জামানত হারিয়েছেন জাপার প্রার্থী এসএম মুশফিকুর রহমান। ভোটের পর পার্টির চেয়ারম্যান তাকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। ২০০৮ সালের রাজশাহী সিটি নির্বাচনে মহানগর জাপার তৎকালীন সভাপতি দুরুল হুদা মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। ভোট পেয়েছিলেন ১ হাজার ৭৮৯টি। তবে এবারের নির্বাচনে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে দলটির মহানগর সাংগঠনিক সম্পাদক সরদার মোহাম্মদ জুয়েল বলেন, রাজশাহী পৌরসভা থেকে সিটি করপোরেশন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর, বিমানবন্দর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্টাল অ্যাকাডেমি, বিভাগীয় স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংক ভবন ও রাস্তায় সোডিয়াম বাতি স্থাপনে পল্লীবন্ধু এরশাদের অবদান রয়েছে। আশা করি এ বিবেচনায় রাজশাহীর মানুষ তার প্রার্থীকে ভোট দেবে।
মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন বলেন, নির্বাচন নিয়ে নেতাকর্মীরা উজ্জ্বীবিত। তিনি বলেন, দুপুরে দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। বিকেলে স্থানীয় নেতারা রাজশাহীতে তার পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র তুলেছেন। তিনি ঢাকা থেকে ফিরে মনোনয়নপত্র জমা দেবেন। এরপর মাঠে নামবেন।
ইত্তেফাক/নূহু