মুম্বই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করায় নওয়াজকে হাইকোর্টের নোটিস

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নোটিস পাঠিয়েছে দেশটির উচ্চ আদালত। ২০০৮ সালে মুম্বইয়ে হামলার জন্য পাকিস্তানকে দায়ী বলায় এই নোটিশ পাঠানো হয়েছে তাকে। খবর পিটিআই’র।
 
খবরে বলা হয়, ২০০৮ সালে মুম্বইয়ে হামলার জন্য পাকিস্তান দায়ী বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন নওয়াজ শরিফ। প্রাক্তন পাক-প্রধানমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনা শুরু হয়। 
 
এমতাবস্থায়, নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লাহোর হাইকোর্টে পিটিশন দাখিল করলেন আইনজীবী আজহার সিদ্দিকি। এ বিষয়ে মঙ্গলবার নওয়াজের বক্তব্য জানতে চেয়ে তাকে নোটিস পাঠাল হাইকোর্ট। 
 
আগামী ২৯ জুনের মধ্যে তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
 
সোমবার লাহোর হাইকোর্টের আইনজীবী আজহার সিদ্দিকি একটি পিটিশন দাখিল করে বলেন, গত বছরের জুলাই মাসে পানামা পেপার্স কেলেঙ্কারির জেরে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ। 
 
গত মাসে ‘ডন’ পত্রিকায় এক সাক্ষাৎকারে মুম্বই হামলার পিছনে পাকিস্তানকে দায়ী করেন তিনি। এর প্রেক্ষিতে আদালতে ওই আইনজীবীর আবেদন, তিনবারের পাক প্রধানমন্ত্রী মুম্বই হামলা নিয়ে দেশবিরোধী মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের জেরে শত্রুরা পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ নিতে পারে।
 
এদিকে নওয়াজের ওই সাক্ষাৎকার প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিক সাইরিল আলমেইদাকেও নোটিস পাঠিয়েছে লাহোর হাইকোর্ট। পিটিআই ও বর্তমান।  
 
ইত্তেফাক/ জেআর