বুলবুল বেঁচে থাকবেন তার গান ও সুরে

মৃত্যুতেই মানুষের সব কিছুর অবসান। তবে কিছু কিছু মানুষ রয়েছেন যারা মৃত্যুর পরেও অমর হয়ে থাকেন তাদের কাজে। মুক্তিযোদ্ধা- সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাদের একজন। তার সুর, তার গান বাংলা গানের জগতে অমর হয়ে রইবে। তাকে মুছে ফেলা যাবে না। আর সেই গানের সুরেই বেঁচে রইবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার জনপ্রিয় গানগুলো নিয়ে স্মারণিক সংগীত সন্ধ্যার আয়োজন করে গানের দল নিবেদন। যার পরিচালনায় ছিলেন শিল্পী বিশ্বজিত্ রায়।

গতকাল শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতেই সম্মেলক কণ্ঠে নিবেদনের শিল্পীরা গেয়ে শোনান ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গানটি। এর পর ছিলো সংক্ষিপ্ত আলোচনা পর্ব। আলোচনা করেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালক সুজেয় শ্যাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আশরাফুল আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান ও সমাজসেবী সাধনচন্দ্র দাস। আলোচনা পর্ব শেষে সংগীত পরিবেশন করেন রফিকুল আলম, আবিদা সুলতানা, শামীমা পারভীন শিমু, খলিল আহমেদ, রজত দত্ত, সঞ্জয় কবিরাজ, লীনা দাশ শরীফা নাজনীন, জয়ন্ত মন্ডল, সুমনা দাস, হূদয় স্মৃতি রানী, মুক্তা, অমিতাভ ও সৃজ্যোতি রায়।

চারুকলায় বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের আর্ট ক্যাম্প: বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের আর্ট ক্যাম্প হয়ে গেল গতকাল। চারুকলা অনুষদে আয়োজন করা হয় ‘আর্ট ফর অটিজম’ শীর্ষক ক্যাম্পে আঁকাআঁকির শেষে শিশুদের মনভোলানো পাপেট শোতে আয়োজনটি হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত।

চারুকলা অনুষদের সহযোগিতায় এ আর্ট ক্যাম্পের আয়োজন করে চাইল্ড ফাউন্ডেশন। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান ও রফিকুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। স্বাগত বক্তব্য দেন চাইল্ড ফাউন্ডেশনের তাহরিন আমান।

সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ আর্ট ক্যাম্প। প্রথম ধাপে ছবি আঁকে ৮৩ জন বিশেষ শিশু শিল্পী। তাদের পর নবীন-প্রবীণ, প্রতিষ্ঠিত ও প্রখ্যাত ৪৯ জন শিল্পী অংশ নেন ক্যাম্পে। আজ শনিবার আয়োজনের দ্বিতীয় দিনে শিশু শিল্পীদের আঁকা ছবি নিয়ে অনুষদের লিচুতলা সংলগ্ন ভবনের নিচে অনুষ্ঠিত হবে প্রদর্শনী।

নবীন-প্রবীণ ও প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে দিনভর আঁকাআঁকিতে অংশ নেন মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, হাশেম খান, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, রোকেয়া সুলতানা, কালিদাস কর্মকার, শিশির ভট্টাচার্য, মোহাম্মদ ইউনুস, শেখ আফজাল, মিনি করিম, বিপাশা হায়াতসহ ৪৯ শিল্পী।

‘রূপসী বাংলা’ শীর্ষক প্রদর্শনী: সংবাদপত্রের ফটোসাংবাদিকদের সংগঠন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হয়েছে ‘রূপসী বাংলা’ ফটো প্রতিযোগিতা ও প্রদর্শনী।

গতকাল সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা। এই অনুষ্ঠানে ফটোসাংবাদিকদের পথিকৃত্ তিনজন প্রয়াত ফটোসাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। তিন ফটোসাংবাদিক হলেন— মোশারফ হোসেন লাল, মোজ্জাম্মেল হোসেন ও মোহাম্মদ জহিরুল হক। তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ। সেইসঙ্গে রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে। এতে প্রথম হয়েছেন নিউএজ-এর আবদুল্লাহ অপু, দ্বিতীয়- জাকির হোসেন চৌধুরী (ফ্রি-ল্যান্সার) ও তৃতীয়-বণিক বার্তার শেখ সোহেল সায়াদ আহমেদ। আজ শনিবার প্রদর্শনীর শেষ দিন।