রাজধানীতে এক সফটওয়্যার প্রকৌশলী নিখোঁজের ঘটনা ঘটেছে। তার নাম কামরুল হাসান (৩১)। গত ১৯ দিন ধরে তাকে খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। গত ১ এপ্রিল মিরপুরের বারুণেরটেক এলাকার ১৪/১ নম্বর বাসা থেকে বের হয়ে মিরপুর ডিওএইচএস এলাকার অফিসে যান। ওই দিন রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রুস্তম আলী।
তার পরিবার জানায়, কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন। এরপর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সমপ্রতি ওই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয় তাকে। এরপর থেকে মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের ৫ নম্বর লেনের ৭৬৪ নম্বর বাড়ির দোতলায় একটি অফিসও ভাড়া নিয়েছিলেন কামরুল। সেখানেই নিয়মিত অফিস করতেন তিনি।
কামরুল হাসানের বাবা জানান, তার ছেলে গত ১ এপ্রিল বাসা থেকে সকালে অফিসের উদ্দেশ্যে যান। সেদিন রাত ১১ টার দিকে তিনি অফিস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছেন বলে তার স্ত্রীকে জানান। কিন্তু ওই রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরদিন আত্মীয়-স্বজনের বাসায় এবং র্যাব ও ডিবি পুলিশের কার্যালয় ছাড়াও এলাকার থানায় খোঁজ করেন। কোথাও তাকে খুঁজে না পেয়ে অবশেষে তিনি পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেন।
পল্লবী থানার তদন্ত কর্মকর্তা এসআই মশিউর রহমান জানান, গতকাল শুক্রবার পর্যন্ত কামরুল হাসানের খোঁজ পাওয়া যায়নি। আমরা তার ফোন ট্রাকিং করে দেখেছি, অফিসেই তার ফোন বন্ধ ছিল। আর ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি অফিস থেকে স্বাভাবিক ভাবেই বের হয়েছেন।