রমজানের আগেই পাঁচ পণ্য নিয়ে মাঠে নামছে টিসিবি

রমজানের আগেই আগামী ২৮ এপ্রিল থেকে রাজধানীসহ সারাদেশে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি বছরের মতো এবারও বিক্রি করা হবে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর। স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বিষয়, এবার টিসিবির বিভিন্ন পণ্যের যে মজুত তা গত বছরের চেয়ে বেশি।

টিসিবি সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ মে থেকে রমজান শুরু। এই হিসেবে রমজানের প্রায় ১০ দিন আগে থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু করলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। রমজান শুরুর এক সপ্তাহ আগে ভোক্তাদের মধ্যে পণ্য কেনার যে হিড়িক পড়ে তাতে অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে দাম বাড়াতে পারবে না। পণ্যের দাম স্থিতিশীল থাকবে।

জানা গেছে, গত বছর রমজানে দেড় হাজার টন ছোলা, ১০০ টন খেজুর, ১ হাজার ২শ টন মসুর ডাল, দেড় হাজার টন সয়াবিন তেল ও দুই হাজার টন চিনি বিক্রি করা হয়। তবে রমজানে তেল ও চিনির চাহিদা বেশি থাকায় এবার এ দুটি পণ্যের বিক্রির পরিমাণ বাড়ানো হবে। এবার রমজানে শুধু ছোলা ও মসুর ডাল আন্তজার্তিক বাজার থেকে কেনা হয়েছে। এছাড়া চিনি, তেল ও খেজুর দেশের বাজার থেকে কেনা হয়েছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গতকাল ইত্তেফাককে বলেন, রমজান নিয়ে আমাদের প্রস্তুতি এবার গতবারের চেয়ে ভালো। বিশেষ করে রমজানের ৮/১০ দিন আগে পণ্য বিক্রি শুরু করায় স্বল্প আয়ের মানুষের জন্য তা ভালো হবে। এতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে বাজারে দাম বাড়াতে পারবে না।

উল্লেখ্য, গত বছর ৫৫ টাকা কেজি দরে চিনি, ৭০ টাকা দরে ছোলা, ১২০ টাকা দরে খেজুর, মাঝারি মানের মসুর ডাল ৫৫ টাকা কেজি দরে ও প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি করা হয়। এ বছর এখনো দাম নির্ধারণ করা না হলেও চলতি সপ্তাহেই তা নির্ধারণ করা হবে। তবে দাম খুব বেশি হেরফের হবে না।

রমজানে এবার ১৮৪টি ভ্রাম্যমাণ ট্রাকে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া টিসিবির সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলারের পাশাপাশি ১০টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে রমজানে পণ্য বিক্রি করা হবে।

রাজধানীতে সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, শ্যামলী অথবা কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামার বাড়ি, কলমীতলা বাজার, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা, মিরপুর-১নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।