কানাডার টরন্টোতে গত রবিবার অনুষ্ঠিত হল ৩৮তম প্রাইড প্যারেড বা সমকামী উৎসব। বৃষ্টিভেজা এই দিনে ডাউন টাউনের ইয়াং-ব্লোর স্ট্রিট থেকে ডান্ডাস স্কয়ার পর্যন্ত দুই কিলোমিটার পথের মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন, সমর্থ দেন এবং আনন্দ উপভোগ করেন। প্রায় ১২০টি গ্রুপ ১৯৭টি ভিন্ন ভিন্ন ভাস্কর্যের মাধ্যমে যাত্রা শুরু করে। মিছিলকারীরা নানা বর্ণের প্লেকার্ড, ব্যানার, পোষ্টার নিয়ে নাচে-গানে মেতে উঠেন।
এই প্রাইড প্যারেডের সমকামী এবং সদ্য বিদায়ী প্রিমিয়ার ক্যাটলিন উইন তার সঙ্গী জেন রেনথওয়াটসহ মিছিল করেন। ক্যাটলিন নির্বাচনে জয়ের পর বলেছিলেন, তাঁর সেই বিজয় ছিল সমকামীদের বিজয়!
গতবার সমকামী উৎসবে অংশ নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো, প্রিমিয়ার ক্যাটলিন উইন এবং মেয়র জন টরি। এবার নিউ ডেমোক্রেটিক পার্টি প্রধান জাগমেত সিং, প্রাদেশিক সংসদের বিরোধী দলের নেত্রী এন্ড্রিয়া হরওয়াথ উপস্থিত ছিলেন।
তবে নব নির্বাচিত প্রিমিয়ার ডগ লাস ফোর্ড এই উৎসবে অংশ নেননি। পক্ষান্তরে তিনি কিছুটা বিরোধিতা করে বিতর্কে জড়ালেন। সেজন্য বিরোধী দলের নেত্রী বলেন, আমি আশা করছি আগামী বছর তার মন বদলাবে এবং উদারতা দেখিয়ে অংশ নেবেন!
IMG0
গতবার সমকামী উৎসবে অংশ নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো
উল্লেখ্য, এই সমকামী উৎসব মন্ট্রিয়াল, নিউইয়র্ক সিটি, ক্যালোফোর্নিয়া, লন্ডন ও সিডনিতেও হয়ে থাকে।
ইত্তেফাক/মোস্তাফিজ