পাকিস্তানের প্রথম শিখ সংবাদ পাঠক হলেন হরমিত সিং

বদলাচ্ছে পাকিস্তানের সংবাদ প্রকাশের চালচিত্র। এক শিখ যুবককে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ করে সে দেশের অন্যতম সংবাদ চ্যানেল ‘পাবলিক নিউজ’ সেই বার্তাই দিল।  ‘পাবলিক নিউজ’ চ্যানেলের প্রধান, বিশিষ্ট সাংবাদিক ইউসুফ বেগ মির্জা জানিয়েছেন, সুদর্শন এবং সুকণ্ঠের জন্য শিখ ধর্মাবলম্বী, হরমিত সিংকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ করা হয়েছে। খবর পিটিআই’র।  
 
খবরে বলা হয়, এই প্রথম কোনও শিখ ধর্মাবলম্বীকে চ্যানেলে খবর পড়তে দেখা যাবে পাকিস্তানে। খাইবার পাখতুনওয়া প্রদেশের চাকেসর শহরের বাসিন্দা হরমিত সিংই হবেন পাকিস্তানের প্রথম শিখ সংবাদ পাঠক।
 
করাচির ফেডারেল উর্দু বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর পাস করে হরমিত রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। এরপরে তিনি সংবাদ পাঠক হিসেবে নিয়োগ পেলেন।
 
তাকে নিয়োগ করেই ক্ষান্ত থাকছে না ‘পাবলিক নিউজ’, বরং তাকে সামনে রেখে প্রচারও করছে তারা। চ্যানেলের টুইটার অ্যাকাউন্টে হরমিত সিংয়ের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, পাকিস্তানের প্রথম শিখ সংবাদ পাঠক হরমিত সিং শুধু পাবলিক নিউজে।
 
 তবে ধর্মীয় পরিচয়কে যাতে তার সাফল্যের কারণ হিসেবে না দেখা হয় তার আর্জি জানিয়েছেন হরমিত। তার কথায়, সংবাদ জগতে সুবিধা পেতে আমি কখনও ধর্মীয় পরিচয় কাজে লাগাইনি। আমি কঠোর পরিশ্রম করেছি। স্বীকৃতি পেতে অনেক খেটেছি।
 
 শিখদের প্রতি পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির যে ধীরে ধীরে বদল হচ্ছে, তা পরিষ্কার। সম্প্রতি পাকিস্তানের প্রথম মহিলা শিখ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছেন মনমিত কাউর। বর্তমান পত্রিকা।
 
ইত্তেফাক/ জেআর