নির্বাচনকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বাড়ালো পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার জুন মাসেই দুই দফায় বাড়ালো জ্বালানি তেলের দাম।
চলতি জুলাই মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন। গত শনিবার রাতে সে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি নাসির উল মূলক জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন।
পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দাম এমনিতে অনেক চড়া। দ্বিতীয় দফায় দাম বাড়ায় চরম ভোগান্তিতে পড়বে সে দেশের সাধারণ মানুষ।
পাকিস্তানি মুদ্রায় সেদেশে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৫০ ও ১১৯.৩১ টাকা। কেরোসিন 8৭.৭০ টাকা। এছাড়া লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেলের দাম ৮০.৯১ টাকা ও ১০৫.৩১ টাকা।
প্রতিটি ক্ষেত্রে বাড়ানো হয়েছে দাম। সবচেয়ে বাড়ানো হয়েছে ডিজেলে। আগের দাম থেকে বাড়ানো হয়েছে ১৪ টাকা। জুন মাসের মাঝামাঝি প্রথমবার বাড়ানো হয়েছিল জ্বালানি তেলের দাম। আর জুন মাসের শেষ তারিখে বাড়লো দ্বিতীয় দফায়।
নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোয় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দেশটির রাজনৈতিক বিরোধী দলগুলো। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল লাল ভুট্টো সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ জনগনের ঘাড়ে বোঝা না চাপিয়ে সরকারের উচিত সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়া। এতে জনগণের সঙ্গে দেশেরও মঙ্গল হবে।
ইত্তেফাক/এসআর/নূহু