আগৈলঝাড়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুর সরঞ্জাম লুট

আগৈলঝাড়ায় রাধা গোবিন্দ মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর। স্ব্বর্ণালংকার ও প্রণামী বাক্সের টাকাসহ পূজার কাসা পিতলের সরঞ্জাম লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, পুলিশ সুপার, ইউএনও, অতিরিক্তি পুলিশ সুপার। থানায় মামলা হয়েছে।   

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের সরকার (শীল) বাড়ির সার্বজনীন রাধা গোবিন্দ পাকা মন্দিরের গ্রীল ভেঙে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মন্দিরের রাধা-কৃষ্ণ বিগ্রহ, গৌর-নিতাই ও লক্ষ্মী-নারায়ণ প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে বিচ্ছিন্ন করে। এসময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে থাকা স্বর্ণের টিপ, টিকলী ও প্রণামী বাক্সের টাকা ও মন্দিরে পূজায় ব্যবহূত কাসা পিতলের অন্তত ১৫ কেজি থালা বাসন নিয়ে যায়।

গতকাল শুক্রবার সকাল পাঁচটার দিকে মন্দির সংলগ্ন বাসিন্দা আরতী শীল মন্দিরে প্রণাম করতে গিয়ে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা দেখে ডাক চিত্কার করলে বাড়িতে বসবাস করা ১৪টি পরিবারের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের পালানোর সময় তিনটি সেন্ডেল উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে।

ভাঙচুরের খবর পেয়ে দুপুরে সরকার বাড়িতে ছুটে যান বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ।   

তিনি ওসিকে প্রকৃত দোষীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন।

শুক্রবার দুপুরে মন্দির কমিটির সভাপতি পরাণ চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ঘন বসতিপূর্ণ জনবহুল ওই বাড়িতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঘটনাস্থল পরিদর্শনকারীসহ স্থানীয়রা।