চলতি মাসে ভারত সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মুন জায়ে-ইন। আগামী ৮ থেকে ১১ জুলাই ভারত সফর করবেন তিনি। সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, সফরকালীন সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুন। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সহযোগিতা বিষয়েই আলোচনা করবেন তারা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ রক্ষার্থে ভারত সফর করবেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। সফরকালীন সময়ে ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
উল্লেখ্য, এটাই হবে মুনের প্রথম ভারত সফর।
ব্লু হাউজের বিবৃতিতে বলা হয়, সিউলের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ মিত্রতে পরিণত হচ্ছে। আর তা কেবল অর্থনীতির দিক দিয়েই নয়, পাশাপাশি কোরীয় উপদ্বীপের শান্তি ও অগ্রগতির জন্যেও।
ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক সম্পর্কের শুরু হয় ১৯৭৩ সালে।
ভারত সফর শেষে ১১ তারিখ দু’দিনের সফরে সিঙ্গাপুর যাবেন মুন।
ইত্তেফাক/ জেআর