জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত পতাকা মিছিল করতে দেয়নি শাখা ছাত্রলীগ। সোমবার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে জড়ো হতে চাইলে সেখান থেকে আন্দোলনের আহ্বায়ককে টেনে হিচড়ে হলে পাঠিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’জাবি শাখার নেতারা কেন্দ্রীয় ঘোষিত জাতীয় পতাকা মিছিলের জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানান। এ সময় লাইব্ররির সামনে আগে থেকে অবস্থান নেয় ছাত্রলীগ। পরে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জানকে লাইব্রেরি থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যায় ছাত্রলীগ। এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী রাজিব হোসেন বাধা দিলে তাকে মারধর করে ছাত্রলীগ।
এদিকে আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে একাধিক আন্দোলনকারী অভিযোগ করেছে। রবিবার রাতে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র সমন্বয়কারী আবু সাঈদকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র জোট।
সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর এ ধরণের হামলা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। এর প্রতিবাদে সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হবে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, মিছিলে ছাত্রদল ও ছাত্রশিবিরের অংশগ্রহণ থাকবে বলে আমরা আগেই জানতে পারি। তাই বাধা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ঘটনাস্থলে প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিল। শাকিলকে তুলে নেয়া হয়নি। তার সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।
ইত্তেফাক/ইউবি