অভিবাসন বিতর্কে পদত্যাগের হুমকি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে অভিবাসী ইস্যুতে মতভিন্নতা দেখা দিয়েছে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর। পদত্যাগের হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসি’র।
 
খবরে বলা হয়, সম্প্রতি ইউরোপে প্রবেশরত অভিবাসীদের নিয়ে একটি বিতর্কিত চুক্তিতে সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ওই চুক্তির সঙ্গে একমত নন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফার। এ নিয়ে চ্যান্সেলর মার্কেলের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছে। 
 
সেহোফার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন(সিএসইউ) দলের প্রধান৷ এই দলটি জার্মানির জোট সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার৷ খুব শিগগিরই মার্কেলের সঙ্গে অভিবাসন সংকট নিয়ে আলোচনায় বসবেন সেহোফার। 
 
গত সপ্তাহে সেহোফার হুমকি দেন, ইইউ’র সঙ্গে মার্কেল যদি কোন গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে না পারেন তাহলে তিনি জার্মান সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেবেন। তার এই হুমকি জার্মানির জোট সরকার ও মার্কেলের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
 
এমতাবস্থায় যেকোনো এক পক্ষকে ছাড় দিতেই হবে। তবে তেমনটা ঘটার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিবিসি’র জেনি হিল। 
 
রবিবার সন্ধ্যায় মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন(সিডিইউ) অভিবাসন ইস্যুতে তার অবস্থানকে সমর্থন জানিয়ে একটি বিল পাশ করেছে। সিডিইউ’র  জেনারেল সেক্রেটারি অ্যানেগ্রেট ক্র্যাম্প-কারেনবয়ের জানান, তার বিশ্বাস তাদের দল একটি প্রয়োজনীয় ইউরোপীয় সমাধানে বিশ্বাস করে। 
 
এরপর থেকেই সিএসইউ কর্মকর্তারা জানায়, সেহোফার সিডিইউ’র নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন।
 
শীর্ষ সিএসইউ কর্মকর্তাদের এক বৈঠকে সেহোফার অভিযোগ করেন যে, তিনি এমন একটি আলোচনা করেছেন যেটি কোন গুরুত্বই পায়নি। এক্ষেত্রে আলোচনা বলতে শনিবার, অভিবাসন বিষয়ক ইইউ চুকি নিয়ে মার্কেলের সঙ্গে এক আলোচনার দিকে ইঙ্গিত করেন সেহোফার। অভ্যন্তরীণ এক সূত্র এসব কথা জানিয়েছে।
 
ওই সূত্র আরো জানায়, সেহোফার পদত্যাগ করতে চান, কেননা তিনি সমর্থন পান না। 
 
ইত্তেফাক/ জেআর