বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে : হাছান মাহমুদ

কোটা আন্দোলনকারীদের উপর ভর করে বিএনপি দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। 
 
সোমবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ছিল বিএনপির। সেই চেষ্টা সফল না হওয়ার পর তারা (বিএনপি) কোটা আন্দোলনকারীদের উপর ভর করে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনীতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনকারীদের বক্তব্য দেখে বুঝা যায় এরা কোন ঘরানার মানুষ। এরা জননেত্রী শেখ হাসিনা বিদ্বেষী ও আওয়ামী লীগ বিদ্বেষী। 
 
কোটা আন্দোলন সম্পর্কিত বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে চাকরিতে কোটা পদ্ধতি চালু হয়েছে। সাড়ে চার দশক সময় ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। কেউ বাতিলের পক্ষে। আবার কেউ বহালের পক্ষে। সরকারকে সবার কথা শুনতে হয়। সমাজের অনগ্রসর জাতি গোষ্ঠিও যাতে বৈষম্যের স্বীকার না হয় সেই গুলোও তো সরকারকে বিচার বিশ্লেষণ করতে হয়। 
 
তিনি বলেন, শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বা দু`একটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আন্দোলন করলেই কোটা বাতিল হয়ে যাবে, তা হবে না। বিএনপি নেতারা আন্দোলনকারীদের ঘাড়ে ভর করে রাজনীতি করবে আর সরকার সেই রাজনীতির ফাঁদে পা দিবে তা তো হয় না।  প্রধানমন্ত্রী যেই ঘোষণা দিয়েছেন অবশ্যই সেটি বিচার বিশ্লেষণ করে কারো প্রতি যাতে বৈষম্য না হয়, অবিচার না হয় সেগুলো বিচার বিশ্লেষণ করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত নিবে। 
 
বিএনপিকে অনুরোধ জানিয়ে দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, খড় কুটো ধরে টিকে থাকার চেষ্টা না করে, ষড়যন্ত্রের পথ পরিহার করুন। বিদেশিদের দুয়ারে দুয়ারে রাতে এবং দিনে ধরনা না দিয়ে, দিনে রাতে বরং জনগনের দুয়ারে ধরনা দিন এতে আপনাদের দল উপকৃত হবে। 
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইদ্রিস মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, অরুন সরকার রানাসহ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি