সিংগাইরের খানাখন্দে ভরা ৩ সড়ক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রধান তিনটি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলোর এমন বেহালদশা বলে জানিয়েছেন স্থানীয়রা। এলজিইডির অধীন এ সড়কগুলো হলো বাস্তা-মানিকনগর সড়ক, সিংগাইর-সিরাজপুর সড়ক ও সিংগাইর-জামশা সড়ক। এসব সড়কের পিচ ঢালাই ও ইট-পাথর উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। এক গর্ত থেকে বাঁচতে আরেক গর্তে গিয়ে আটকে যাচ্ছে ছোটো বড়ো যানবাহন। অনেক সময় সড়কের ওপর যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় যানজটের। মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়। এলাকাবাসী গুরুত্বপূর্ণ সড়ক তিনটি পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর আগে সড়ক তিনটি সংস্কার কাজ করা হয়। কাজ শেষ না হতেই সড়কে আবার ভাঙন শুরু হয়। গুরুত্বপূর্ণ এ সড়কগুলো দিয়ে সিংগাইর, হরিরামপুর ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দারা জেলা শহর ও ঢাকায় যাতায়াত করেন। বৃষ্টি হলে সড়কের কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙাচোরা সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিশেষ করে গর্ভবতী মা ও মুমূর্ষু রোগীকে চিকিত্সা কেন্দ্রে নেওয়ার সময় সমস্যার অন্ত থাকে না। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও ইটভাটা মালিক সমিতি ক্ষতিগ্রস্ত স্থানে ইট, বালু ফেলে সড়কগুলো কোনোমতে সচল রেখেছে।

ট্রাকচালক আব্বাস উদ্দিন জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি সড়কের অবস্থা খুবই নাজুক। ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময়ই গাড়ি নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে মানুষ মারা যাচ্ছে। সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। স্থানীয় স্কুল শিক্ষক আলতাফ হোসেন খান জানান, বৃষ্টির সময় সড়কগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন চরম সমস্যায় পড়ে যায় স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা।

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় বাস্তা-মানিকনগর সড়কটি পুনর্নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিংগাইর-সিরাজপুর ও সিংগাইর-জামশা সড়কের সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান বলেন, আমি নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দায়িত্ব গ্রহণের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে সড়কগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেব।